প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
অসহায় মহসিনের চিকিৎসায় এগিয়ে এলেন আবুল কাউসার আশা

একসময় মহসিনের জীবনও ছিলো অন্য দশটা সাধারণ তরুণের মতোই…
স্বপ্ন ছিলো, আশা ছিলো, ছিলো সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন।
কিন্তু একটি দুর্ঘটনা… মুহূর্তের মধ্যেই থামিয়ে দেয় তার জীবনের সব গতি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে মহসিন। ইন্টারমিডিয়েট পাশ করা এই তরুণের জীবন বদলে যায় এক হৃদয়বিদারক ঘটনায়।
একদিন গোসলের উদ্দেশ্যে পুকুরে নামেন মহসিন। কিন্তু সেখানে পা পিছলে পড়ে গিয়ে তার ঘাড়ের মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সেই দুর্ঘটনার পর থেকেই যেনো থমকে দাঁড়ায় তার জীবন। ধীরে ধীরে মহসিনের পুরো শরীর প্যারালাইজড হয়ে পড়ে। এমনকি তার দুই হাত ও পায়ে পচন ধরতে শুরু করে।
একসময় যে তরুণ স্বপ্ন দেখতো নিজের পায়ে দাঁড়ানোর, আজ সে শয্যাশায়ী হয়ে লড়ছে জীবনের কঠিন বাস্তবতার সাথে।
অন্যদিকে মহসিনের বাবা মনির হোসেন একজন রিকশাচালক। দিন আনে দিন খায় এমন পরিবারের পক্ষে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা হয়ে পড়ে প্রায় অসম্ভব।
এমন করুণ অবস্থার খবর পৌঁছে যায় নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সু-যোগ্য পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার কাছে।
বর্তমানে পবিত্র ওমরা হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করলেও, মানবিক এই নেতার হৃদয় ছুঁয়ে যায় অসহায় মহসিনের গল্প।
আর তাই পবিত্র শবে কদরের রাতে, সোমবার ১৬ মার্চ এশার নামাজের পর, নিজের প্রতিনিধি দলের মাধ্যমে মহসিনের পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান পৌঁছে দেন আবুল কাউসার আশা।
শুধু তাই নয়, ভবিষ্যতেও মহসিনের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আবুল কাউসার আশার প্রতিনিধি দলের পক্ষ থেকে মহসিনের পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেন সাংবাদিক অজিত দাস এবং বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম শাকিল।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মশিউর রহমান তপু, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা জিহাদ, সমাজসেবক একলাস, ফয়সাল ইসলামসহ আরও অনেকে।
অসহায় এই মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য মহসিনের পরিবার আবুল কাউসার আশার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
মানবিকতার এই সহায়তা হয়তো পুরো কষ্ট দূর করতে পারবে না…তবে এমন সহমর্মিতা অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট