প্রিন্ট এর তারিখঃ May 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
নারায়ণগঞ্জে অভিযানে ৫শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৫০ হাজার

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাতের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫শ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ফতুল্লার সাইনবোর্ড এলাকার চৌরঙ্গীতে একটি পিকআপভ্যানে করে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও সরবরাহ করা হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে প্রায় ৫শ কেজি পলিথিন জব্দ করা হয়।
এসময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা এবং ১৫ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশা জানান, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুদ, বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও এ কার্যক্রম চলমান থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট