নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের জনৈক বিল্লাল হোসেন ১৩ জন আসামির বিরুদ্ধে ২৯ মার্চ ২০২৬ খ্রিঃ আড়াইহাজার থানার মামলা নং ৩১,
ধারা-১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৫০৬/১১৪ পেনাল কোড রুজু করেন।
আড়াইহাজার থানার এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মনকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়। ৩০ মার্চ ২০২৬ খ্রিঃ বিকেল আনুমানিক ০৪.৪০ ঘটিকার সময় অত্র মামলার এজাহার নামীয় ৫ নং আসামি ইসমাঈল (৩০), পিতাঃ হাবিবুল্লাহ, সাংঃ চর কমলাপুর, থানাঃ আড়াইহাজার, জেলাঃ নারায়ণগঞ্জ থানায় আসেন। যখন তিনি জানতে পারেন যে, তার নামে মামলা হয়েছে এবং তিনি এজাহারভূক্ত আসামি তখন তিনি তাড়াতাড়ি করে থানা থেকে কৌশলে বের হয়ে যান।
এই ঘটনা জানাজানি হলে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিন তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মনকে দ্রুত পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেন। থানার একাধিক টিম পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য অভিযানে নামে।
বিষয়টি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় অবগত হলে তিনি "সি সার্কেল" এর সহকারী পুলিশ সুপার জনাব মেহেদী ইসলামকে ঘটনার সত্যতা যাচাই ও পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় আড়াইহাজার থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক টিম পলাতক আসামি ইসমাইল (৩০)-কে আড়াইহাজার থানার উচিৎপুর বাজার হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে ০১ এপ্রিল ২০২৬ খ্রিঃ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।