ঢাকা | বঙ্গাব্দ

বন্দর বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি ইউএনও’র বিনম্র শ্রদ্ধা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
বিনম্র শ্রদ্ধা ছবির ক্যাপশন: বিনম্র শ্রদ্ধা
​নিজস্ব প্রতিবেদক, বন্দর: বাঙালি জাতির ইতিহাসে সর্বাপেক্ষা কলঙ্কিত ও বেদনাবিধুর ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক সিরাজউদ্দৌলা মাঠ সংলগ্ন বধ্যভূমিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

​বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার-এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়।

​শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও শিবানী সরকার বলেন:

​"১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে এক শোকাবহ ও মর্মন্তুদ অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে সেদিন যে পৈশাচিক বর্বরতা চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসের বিরল। নতুন প্রজন্মের মাঝে এই সঠিক ইতিহাস তুলে ধরা এবং হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করাই হোক আজকের অঙ্গীকার।"


​এ সময় ইউএনও শিবানী সরকারের সাথে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা জব্বর সর্দার, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন এবং বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস মীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হায়েনারা ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে মেতে উঠেছিল ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞে। সেই বিভীষিকাময় স্মৃতি ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই প্রতি বছর যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স