নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাতের আঁধারে এক প্রবাসীর বাড়িতে ঢুকে সশস্ত্র হামলা, মারধর ও নগদ অর্থ-স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের হরিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১৯ মে) সকালে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ বিষয়ে অভিযোগ করেন সৌদি প্রবাসী হাবিবুর রহমান বাদশার স্ত্রী রোকসানা আক্তার। অভিযুক্তরা হলেন, মুছাপুর এলাকার শাহরিয়ার, মোতাহার হোসেন (৫৫), শিউলি বেগম (৫০), মো. খোকন (৩৫), মো. সজিব (৩২), রাকিব (২৫), ফারুক, মো. কালু, মো. ফরহাদ, মোসলেমা খাতুন ও মনি আক্তার।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ মে রাত আনুমানিক ৮টার দিকে একদল লোক দলবদ্ধভাবে তাদের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও মারধর শুরু করে। বাধা দিতে গেলে তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বাড়িতে ভাঙচুর চালায়।
হামলার সময় রোকসানার মেয়ে সুমাইয়া আক্তারের (২৮) বাম হাতের কনুইয়ে লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে বলা হয়। একই সময় তার ছেলে মো. খালেদকে (১৫) ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেওয়া হলে সে গুরুতর আহত হয়। এছাড়া রোকসানার স্বামী হাজী হাবিবুর রহমান বাদশাকেও (৪৮) মারধর করে আহত করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘর থেকে নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে) লুট করে নিয়ে যায়। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর করে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি করা হয়।
ঘটনার পর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান ভুক্তভোগীরা। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, এটি দুই ভাইয়ের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ আপডেট