ঢাকা | বঙ্গাব্দ

সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যা: মহাসড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
মহাসড়ক অবরোধ ছবির ক্যাপশন: মহাসড়ক অবরোধ
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে মমিনুল মিয়া (৪০) নমে এক অটোরিকশা চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মারধরের দুদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে মমিনুল হকের লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (২০ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় এই সড়ক অবরোধ করেন। 

আহত অটোচালক মমিনুল বুধবার ভোরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত রোববার বিকেলে দড়িকান্দি এলাকায় ১০ টাকা চাঁদা না পেয়ে শাহিন মিয়া নামের এক যুবক তার লোকজনদের নিয়ে লাইনের অটোচালক মমিনুল মিয়া বেধড়ক করে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।  

নিহত মমিনুল মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়াসহ তার লোকজন পলাতক রয়েছে।

নিহতের স্ত্রী রিনা বেগম অভিযোগ করেন, মমিনুলের কাছ থেকে প্রথম দফায় চাঁদা নেওয়া হয়। দ্বিতীয় দফায় ১০ টাকা না পেয়ে মারধর করে। এতে মাথায় আঘাত পেয়ে স্ট্রোক করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুমিনুল মিয়াকে মারধর করে আহত করার ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মোবারক হোসেন। ওই মামলায় শাহিন মিয়াকে আসামি করা হয়।

এদিকে অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধের ফলে চট্টগ্রাম লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া অবরোধকারীরা মহাসড়কের পাশে দড়িকান্দী-বাংলাবাজার সড়কও অবরোধ করে রাখে। ফলে সড়কের চলাচলরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

অবরোধ চলাকালে এলাকাবাসী বলেন, স্থানীয় এই চাঁদাবাজ সিন্ডিকেটটি শুধু স্ট্যান্ডে চাঁদাবাজিই করে না। তাদের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে এলাকার মানুষও অতিষ্ঠ। তারা কতোটা নির্দয় ও নির্মম হলে মাত্র ১০ টাকার জন্য একজন নিরীহ অটোরিকশা চালককে পিটিয়ে মেরে ফেলতে পারে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। পরে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

সোনারগাঁও  থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সড়ক অবরোধ প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, অবরোধকারীরা মহাসড়কে অবস্থানের পরপরই ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। অবরোধকারীদের বিক্ষোভের সময় যান চলাচল কিছু ধীরগতি ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স