নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করে।
শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এশারের নামাজের পর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়া ও শরীফ মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে এশারের নামাজ শেষে এই দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে শরীফ মিয়ার অনুসারীরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রউফ মিয়ার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। পরে রউফ মিয়ার লোকজন আত্মরক্ষার্থে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল ও আবুল হোসেনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ আপডেট