ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক বাঁধনের পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
বাঁধনের পদত্যাগ ছবির ক্যাপশন: বাঁধনের পদত্যাগ
বিশেষ প্রতিনিধি: সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল, কোন্দলের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া এবং দায়িত্ব পালনে চরম অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর (বাঁধন)। আজ ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব বরাবর এই পদত্যাগপত্র দাখিল করেন।

পদত্যাগপত্রে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন উল্লেখ করেন, ২০২৫ সালের ২৭ মার্চ তিনি কেন্দ্রীয় কমিটি কর্তৃক নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব লাভ করেছিলেন। দায়িত্ব পাওয়ার তিন মাসের মধ্যেই ফোরামের সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারিখ নির্ধারণের আবেদন জানানো হলেও অদ্যাবধি সম্মেলনের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

সংগঠনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির দায়িত্বশীল একাধিক নেতৃবৃন্দ (যাঁরা পেশায় আইনজীবী) সংগঠনের অভ্যন্তরীণ কর্মকাণ্ডকে কেন্দ্র করে উপদলীয় কোন্দলে লিপ্ত রয়েছেন। এর ফলে কেবল আইনজীবী ফোরামেরই ক্ষতি হচ্ছে না, বরং দল হিসেবে বিএনপির ভাবমূর্তিও ব্যাপকভাবে ক্ষুণ্ন হচ্ছে। একই সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মকর্তা এবং পিপি-সহ অনেক দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্নভাবে লাঞ্ছিত ও অপদস্ত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক বলে তিনি ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের পরিস্থিতিতে একটি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকেও সংগঠনের জন্য গঠনমূলক কোনো ভূমিকা রাখতে না পেরে তিনি নিজেকে অসহায় বোধ করছেন। সংগঠনের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে পদে না থাকলেও নিজের দলীয় আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করে বাঁধন বলেন, পদ থেকে পদত্যাগ করলেও তিনি জন্মলগ্ন থেকেই বিএনপি পরিবারের একজন সদস্য এবং আমৃত্যু তা-ই থাকবেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: জিয়াউর রহমান পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স