জনি গোপ, নারায়ণগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক অনন্য চিত্র ফুটে উঠেছে। ১৩ই ফেব্রুয়ারী শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের পুত্র আবুল কায়সার আশা।
শুক্রবার সকালে ব্যক্তিগত ও দাপ্তরিক প্রয়োজনে উভয় পক্ষই জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উপস্থিত হলে এই আকস্মিক সাক্ষাৎ ঘটে। এ সময় আবুল কায়সার আশা নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত এমপি আব্দুল্লাহ আল আমিনকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে তারা কুশলাদি বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও পারস্পরিক রাজনৈতিক সহাবস্থান নিয়ে সংক্ষিপ্ত আলাপ করেন।
সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের আব্দুল্লাহ আল আমিন এমপি বলেন:
"রাজনীতিতে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জেলার সার্বিক উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। সৌজন্য সাক্ষাৎ সুস্থ রাজনীতিরই বহিঃপ্রকাশ।"
অন্যদিকে আবুল কায়সার আশা এই সাক্ষাৎকে একটি সৌজন্যমূলক সফর হিসেবে উল্লেখ করে নবনির্বাচিত এমপির সাফল্য কামনা করেন।
এ সময় উভয় নেতার সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। এই সৌজন্য সাক্ষাৎকে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে এমন হৃদ্যতা তৃণমূলের কর্মীদের মাঝেও শান্তি ও শৃঙ্খলার বার্তা পৌঁছে দেবে।