নারায়ণগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জের আমলাপাড়া জামে মসজিদে কিশোর ও তরুণদের ইসলামের পথে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অরাজনৈতিক ও ইসলামী ভাবধারার সংগঠন ‘টীম আল ফজর’-এর উদ্যোগে টানা দুই মাস জামাতের সাথে ফজর নামাজ আদায়কারী ৭ জন কিশোর ও তরুণের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
আজ ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার সকালে আমলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬০ দিন কোনো বিরতি ছাড়াই মসজিদে এসে ফজর নামাজ আদায় করার স্বীকৃতিস্বরূপ এই কিশোরদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ব্যক্তিবর্গ মনে করেন, এ ধরনের কর্মসূচি সমাজ থেকে কিশোর অপরাধ দূর করতে এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে কার্যকরী ভূমিকা পালন করবে।
এই আয়োজনের যাবতীয় পুরস্কার (সাইকেল ও নগদ অর্থ) সৌজন্য হিসেবে প্রদান করেছে আমলাপাড়ার ঐতিহ্যবাহী ‘সৈয়দবাড়ী’ পরিবার। অনুষ্ঠানে সৈয়দবাড়ীর সকল সদস্যের প্রতি এবং বিশেষ করে বিশিষ্ট ব্যক্তিত্ব মোস্তফা এমরানুল হক মুন্নার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পাশাপাশি, টীম আল ফজরের সকল কার্যক্রমে নিরলস সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য ১৩নং ওয়ার্ডের জনপ্রিয় তরুণ সমাজসেবক ও সংগঠক আরিফুল ইসলাম ঝুমন-এর প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনটি।
‘টীম আল ফজর’ মূলত একটি অরাজনৈতিক সংগঠন। তাদের মূল লক্ষ্য হলো সমাজে ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’ প্রতিষ্ঠা করা। মুসলিম পরিবারগুলোতে ইসলামী সচেতনতা তৈরি করা। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি বা বিপথগামিতা থেকে ফিরিয়ে মসজিদের দিকে ধাবিত করা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরদের মসজিদমুখী করার এই প্রচেষ্টা শুধু আমলাপাড়ায় নয়, বরং দেশের প্রতিটি মহল্লায় ছড়িয়ে দেওয়া উচিত।