সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসিআই পানির কল এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলের প্রতিবাদ করায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ায় ফটোসাংবাদিক এইচএম আমজাদ হোসেন মোল্লা ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় নূর হোসেন ওরফে ‘ইয়াবা নূরা’ ও মাসুদ মিয়াসহ তাঁদের সহযোগীদের বিরুদ্ধে এই চাপ ও হুমকির অভিযোগ করেছেন ওই সাংবাদিক। এরা "মাদক সম্রাট নিহত কিলার দেলুর সহযোগী।
এ ঘটনায় নিজের ও পরিবারের সুরক্ষা চেয়ে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও সাংবাদিক আমজাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, সিদ্ধিরগঞ্জের এসিআই ইকোপার্ক সংলগ্ন এলাকাটিতে বেশ কিছুদিন ধরে মাদক কারবার, ছিনতাই ও অবৈধভাবে বালু সরিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং পুলিশ প্রশাসনকে অবহিত করার পর থেকেই অভিযুক্ত গোষ্ঠীটি তাঁর ওপর ক্ষুব্ধ হয়। এরপর থেকে এলাকায় আধিপত্য বজায় রাখতে তাঁকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সাংবাদিক আমজাদ হোসেন বলেন, "অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং পুলিশকে তথ্য দেওয়ার কারণে আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং সংবাদকর্মী হিসেবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।"
এলাকাবাসীর একাংশের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের উৎসের সঙ্গে তাঁদের হঠাৎ ঘটে যাওয়া সম্পদের পরিবর্তন সামঞ্জস্যপূর্ণ নয়। একসময় সাধারণ টিনের ঘরে বসবাস করলেও পরবর্তী সময়ে তাঁদের বহুতল ভবন নির্মাণের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানামুখী আলোচনা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত সাপেক্ষ। বালু উত্তোলন, অবৈধ দখল বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িতদের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় জননিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অবস্থান বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে। কোনো সাংবাদিক বা সাধারণ নাগরিককে হুমকির মুখোমুখি হতে দেওয়া হবে না।
নারায়ণগঞ্জ আপডেট