নারায়নগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। নির্বাচনের পর দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম। আজ ৮ মার্চ, রোববার সকাল থেকে বন্দরের ত্রিবেণী ব্রিজের নিচে পাইপলাইন সংস্কার ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১,২২ ও ২৩ নং ওয়ার্ডসহ আশপাশের এলাকায় গ্যাস সংকট ছিল একটি নিত্যনৈমিত্তিক সমস্যা। এলাকাবাসীর এই ভোগান্তি দূর করতে সাংসদ পুত্র ও তাঁর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব আবুল কাউসার আশার নিবিড় তত্ত্বাবধানে এই কর্মযজ্ঞ শুরু হয়েছে।
স্থানীয়রা বলছেন, নির্বাচনের পরপরই এমন কার্যকর পদক্ষেপ সংসদ সদস্যের প্রতি তাদের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।সংস্কার কাজ চলাকালীন সরজমিনে উপস্থিত থেকে কাজের মান নিশ্চিত করছেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।
দীর্ঘদিন ধরে চুলার গ্যাস না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী এখন আশার আলো দেখছেন। সংশ্লিষ্টদের মতে, পাইপলাইন সংস্কারের এই কাজ শেষ হলে ২১নং ওয়ার্ড ও সংলগ্ন এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত হবে। সাংসদ ও তাঁর সহযোগীদের এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।