নারায়ণগঞ্জে মাদকমুক্ত জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করে থানায় হাজির হয়ে লিখিত অঙ্গীকার করেছেন মোঃ নাহিদ সরকার (৫৩)। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) তিনি স্বেচ্ছায় থানায় উপস্থিত হয়ে এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।
অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি কোনো প্রকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং মাদক সেবন থেকেও বিরত রয়েছেন। তিনি সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং ভবিষ্যতে কোনো ধরনের সমাজবিরোধী, আইনবিরোধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াবেন না বলেও প্রতিশ্রুতি দেন।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলাগুলোর নিয়মিত হাজিরা প্রদান করছেন এবং প্রতি সপ্তাহে থানায় এসে একবার হাজিরা দেবেন। ভবিষ্যতে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বা কোনো আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠলে আইনগত ব্যবস্থা গ্রহণে তিনি বাধ্য থাকবেন বলেও অঙ্গীকার করেন।
এ বিষয়ে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, তাকে ভালোভাবে জীবনযাপন ও সমাজে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ দেওয়া হোক।
নারায়ণগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম বলেন, যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাদেরকে আমরা অবশ্যই সুযোগ দিতে চাই। সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। মাদক একটি সামাজিক ব্যাধি—এ থেকে মুক্ত হতে পারলে একজন মানুষ শুধু নিজের নয়, পরিবার ও সমাজের জন্যও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য কাউকে শুধু শাস্তি দেওয়া নয়, বরং সংশোধনের মাধ্যমে ভালো পথে ফিরিয়ে আনা। যারা আন্তরিকভাবে পরিবর্তন হতে চায়, তাদের পাশে প্রশাসন সবসময় থাকবে। তবে কেউ যদি এই সুযোগের অপব্যবহার করে আবার মাদক বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আমরা চাই প্রত্যেক ব্যক্তি নিজেকে পরিবর্তন করে একটি সুন্দর, নিরাপদ ও স্বাভাবিক জীবন যাপন করুক এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাই একযোগে কাজ করুক।