ঢাকা | বঙ্গাব্দ

পুর্নবাসন হবে নগরীর বাইরে: আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ নগরীকে হকার মুক্ত করতে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আবুল কাউসার আশার নেতৃত্বে ফের মাঠে নেমেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কালিরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মাঠে নামেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা সবাই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমরা ফুটপাত হকারমুক্ত করবোই, করবো। রাস্তায়, ফুটপাতে কোনো আনাচে কানাচে হকার বসতে পারবে না। আমরা মানুষকে ফুটপাত দিয়ে চলাফেরা করে দিতে চাই।
তিনি বলেন, আমাদের কাছে কয়েক লক্ষ নারায়ণগঞ্জবাসীর স্বার্থ বড়। আপনারা একজন এসেছেন, পরে শালা, বোনের জামাই, ভাতিজা, ভাগিনা সব গ্রামের থেকে নিয়ে এসেছেন। ওই ভাগিনা, ভাতিজা, দুলাভাই-এর জন্য এই রাস্তা দখল হতে দেওয়া যাবে না।

এরপর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, প্রশাসককে বলবো সকলের জন্য সমান আইন হতো হবে। এই নতুন বাংলাদেশে বৈষম্যমূলক আইন হতে পারে না। সিরাজউদ্দৌলা রোডে হকাররা আছে। এর ফলে নগরবাসীর মনে সন্দেহ তৈরি হচ্ছে যে উচ্ছেদের নামে নাটক হচ্ছে কীনা। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। মন্ডলপাড়া ব্রিজের ওখানে যারা তারা বড়লোক হকার। তারা ফুটপাত দখল করেছে। এছাড়াও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে যারা ফুটপাতে মালপত্র রাখে তারাও বড়লোক হকার। এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।

তিনি বলেন, আপনাদের পুনর্বাসন করা হবে। তবে সেটা কোন রাস্তায় করা হবে না। এটা যৌক্তিক ভাবে হবে। ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। পরীক্ষা চলছে, এসময় শহরে যেন কোন বিশৃঙ্খলা না হয়।

আশা বলেন, আমাদের ছোট ভাই ও জুলাই যোদ্ধারা পাঁচ আগষ্টের পর থেকে হকার দখলমুক্ত ও শহরের যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য ওরা অক্লান্ত পরিশ্রম করছিল। গতকাল কিছু হকার তাদের ওপরে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় মিটিং করছেন। কোন ব্যাবসায়ী নেতা বা কোন রাজনৈতিক ব্যাক্তি যারা আছে তারা দিনশেষে আপনাদের কাজে আসবে না। এদের রুখে দিতে যা যা করার দরকার আমরা করবো।

বক্তব্য শেষে টিপু ও আশার নেতৃত্বে নগরীরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কালিরবাজার থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়া হলের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার্স ইউনিয়ন দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনুসহ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে গত ১৩ এপ্রিল নগরীকে হকার মুক্ত করতে মাঠে নামে মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স