ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের বন্দর উপ‌জেলার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

শুক্রবার (১ মে) সকাল ৭টার দিকে প্রধান ফিলিং স্টেশনের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খাদিজা আক্তার (২৮) ফতুল্লার মাসদাইর (ঘোষবাগ জামালের গ্যারেজ) এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে নারী কনস্টেবলের সহায়তায় তাকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় গাঁজার ব্যবসা করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও বন্দর থানায় অন্তত তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স