ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় সংসদে বড় দায়িত্ব পেলেন এমপি আবুল কালাম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
এমপি আবুল কালাম ছবির ক্যাপশন: এমপি আবুল কালাম
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে। নতুন গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের জাতীয় সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।

গতকাল ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের সম্মতিক্রমে এ সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও এর সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে নিয়ম ও পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আফরোজা খানম রিতা।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।

সংসদীয় সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নীতি নির্ধারণ ও মন্ত্রণালয়ের কাজ সুষ্ঠুভাবে তদারকির লক্ষ্যে এই স্থায়ী কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।

এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, তার এই অভিজ্ঞ নেতৃত্ব জাতীয় পর্যায়ে খাদ্য খাতের সংস্কার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নারায়ণগঞ্জবাসীর কল্যাণেও অবদান রাখবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স