ঢাকা | বঙ্গাব্দ

সেই হাশেমবাগে পুলিশের সাঁড়াশি অভিযান, বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
ফতুল্লা মডেল থানা পুলিশের ছবির ক্যাপশন: ফতুল্লা মডেল থানা পুলিশের
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টার দিকে পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার রনির কাছ থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের এসএস তৈরি কুড়াল এবং একটি এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার রনি কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। তিনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ৬ই মে হাশেমবাগ এলাকায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে চাঁদা না পেয়ে লুটপাটের অভিযোগে ফতুল্লা মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে গিয়ে লুটপাটে বাধা দিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটক অবস্থায় তাদের হাতে হাতকড়া পরানো ছিল।

পুলিশ জানায়, আটকের কিছুক্ষণ পরই তাদের সহযোগীরা দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়। পরে তারা পুলিশের কাছ থেকে জোরপূর্বক আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হয়নি।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স