ঢাকা | বঙ্গাব্দ

র‍্যবের অভিযানে বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ ছবির ক্যাপশন: শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’
নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থানা ও নারায়ণগঞ্জের বন্দর থানার একাধিক মামলা উল্লেখযোগ্য।

র‍্যাবের তথ্যমতে, সোহেল ও তার বাহিনী দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়ভাবে নতুন ভবন বা স্থাপনা নির্মাণের সময় তার বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকেও মাসোহারা আদায় করত তার বাহিনী।

র‍্যাব আরও জানায়, সোহেল তার বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখল করত। ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেওয়া কিংবা পেশিশক্তি ব্যবহার করে উচ্ছেদের ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।

আধিপত্য বজায় রাখতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ব্যবহার করত সোহেল। তার ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় গড়ে ওঠে মাদকের বড় নেটওয়ার্ক। সেখানে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা হতো বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ জানায়, সোহেলের অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেলকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স