নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া এলাকার একটি নির্জন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল ইসলাম বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ সদস্য ফুলেছা বেগমের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে এলাকাবাসীর একাংশের ধারণা, আশরাফুল আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের মা ফুলেছা বেগম বলেন, “ঘটনার আগে কয়েকজন বন্ধু ফোন করে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। আমার ছেলে আত্মহত্যা করার মতো না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নারায়ণগঞ্জ আপডেট