নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাকসুদুর রহমান জুয়েল (৪৩) নামে এক ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৯ মে) দুপুর পৌনে ১টার দিকে বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জুয়েল শান্তিনগর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। হামলার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি ও বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিহতের ভাই সোহেল অভিযোগ করে বলেন, টিটু, আল আমিন, ডিশ দুলাল ও পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া মদনগঞ্জ শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। তার ছোট ভাই জুয়েল স্থানীয় কয়েকজনের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে জনৈক শফিউল্লাহর জমিতে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জ আপডেট