ঢাকা | বঙ্গাব্দ

রমজান ও গাজী শেষ, এবার কি ব্লাক জনির পালা? আশার ‘নতুন চ্যালেঞ্জ’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
রমজান,  গাজী , ব্লাক জনির, ছবির ক্যাপশন: রমজান, গাজী , ব্লাক জনির,
‎বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে রাজপথে নেমেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। তাঁর নেতৃত্বে গত কয়েক দিনে ২৩নং ওয়ার্ডের দুই কুখ্যাত মাদক সম্রাট রমজান ও গাজীর আস্তানায় ঝটিকা হানা দিয়ে সেগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই অভিযানের পর জনমনে এখন একটিই প্রশ্ন—বন্দরের ত্রাস, অন্তত ২০টি মামলার আসামি ‘ব্লাক জনি’ কেন এখনো ধরাছোঁয়ার বাইরে? ব্লাক জনির মাদক সাম্রাজ্য কি তবে কাউসার আশার জন্য নতুন এক অগ্নিপরীক্ষা?
‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, রমজান ও গাজী ২৩নং ওয়ার্ডের জনজীবন বিষিয়ে তুলেছিল। তাদের গ্যারেজ ও আস্তানাগুলোতে প্রকাশ্যেই চলত মাদকের কারবার। জননেতা আবুল কাউসার আশা এলাকাবাসীকে সাথে নিয়ে সরাসরি এসব আস্তানায় হানা দেন এবং মাদক কারবারিদের এলাকা ছাড়ার কঠোর নির্দেশ দেন। তাঁর এই সাহসী ভূমিকায় এলাকায় মাদকসেবীদের আনাগোনা অনেকাংশে কমেছে।
‎মাদকের বিরুদ্ধে যখন একের পর এক অভিযান সফল হচ্ছে, তখন ২০ মামলার দুর্ধর্ষ আসামি ব্লাক জনির নিরাপদে থাকা নিয়ে জনমনে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। 
‎অভিযোগ রয়েছে, জনি পুলিশের কতিপয় অসাধু সদস্যকে নিয়মিত ‘মাসোহারা’ দিয়ে এবং রাজনৈতিক ছত্রছায়ায় তার বিশাল সিন্ডিকেট পরিচালনা করছে। খুচরা বিক্রেতারা ধরা পড়লেও ব্লাক জনির মতো ‘রাঘববোয়ালদের’ টিকিটিও ছুঁতে পারছে না প্রশাসন।
‎বন্দরের সচেতন মহল মনে করেন, মাদক ব্যবসায়ী রমজান ও গাজীকে এলাকাছাড়া করা যতটা সহজ ছিল, ব্লাক জনিকে নির্মূল করা তার চেয়ে অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং। কারণ জনির পেছনে এক বিশাল সন্ত্রাসী বাহিনী ও অদৃশ্য কালো শক্তির হাত রয়েছে। বন্দরবাসী এখন অপলক চেয়ে আছে আবুল কাউসার আশার দিকে—তিনি কি পারবেন ২০ মামলার আসামি ব্লাক জনির সেই বিষাক্ত মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে বন্দরকে শতভাগ মাদকমুক্ত করতে?
‎অভিযান প্রসঙ্গে আবুল কাউছার আশা স্পষ্ট জানিয়েছেন, "বন্দরকে আমি মাদকের জনপদ হতে দেব না। রমজান ও গাজী তো কেবল শুরু। যারা আমাদের সন্তানদের হাতে বিষ তুলে দিচ্ছে, তাদের সকল আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে। অপরাধী যতো বড় শক্তিশালীই হোক, তাকে আইনের কাছে মাথা নত করতেই হবে।"

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স