নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।
কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান।
জানা গেছে, রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তির খবরে কারাগারের বাইরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে গত ১০ মে ১০টি মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। ওই আদেশ বহাল থাকায় তার মুক্তির পথ অনেকটাই উন্মুক্ত হয়।
বাকি দুটি মামলায়ও হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরে ১৭ মে আপিল বিভাগ ওই দুই মামলাতেও হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। ফলে আইভীর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন কার্যকর হওয়ায় তার মুক্তির আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এদিকে আইভীর সম্ভাব্য মুক্তির খবরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
নারায়ণগঞ্জ আপডেট