ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আবুল কাউসার আশার কঠোর অবস্থান, এলাকায় ব্যাপক আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
বন্দর প্রতিনিধি : 
নারায়ণগঞ্জের বন্দরে মাদক কারবারিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক  আবুল কাউসার আশার কঠোর অবস্থান বর্তমানে পুরো বন্দর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

মাদক নির্মূলে তার এই আপসহীন  ভূমিকার কারণে স্থানীয় মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বন্দরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী জনমত গঠন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধিতে আবুল কাউসার আশা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। বিভিন্ন সভা ও সমাবেশে তিনি মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন। 

তার সাফ কথা  মাদক ছাড়ো না হয় বন্দর ছাড়ো।  তিনি জানান, মাদকের সাথে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। হয় তাদের এই অন্ধকার পথ ছাড়তে হবে, নয়তো এলাকা ছেড়ে চলে যেতে হবে। 

মাদক নির্মূলে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, বরং সামাজিক প্রতিরোধের ওপরও জোর দিচ্ছেন আবুল কাউসার আশা। তিনি স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে মাদক কারবারিদের সঠিক তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য প্রতিনিয়ত উৎসাহিত করছেন। 

এ বিষয়ে আবুল কাউসার আশা বলেন, "নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের নির্দেশে বন্দরকে একটি মাদকমুক্ত ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

আমাদের এই অভিযানে কোনো আপস নেই। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে। এদিকে আবুল কাউসার আশার এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন বন্দরের সাধারণ মানুষ ও অভিভাবক সমাজ। 

তারা মনে করছেন, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় বন্দর এলাকা দ্রুতই মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স