ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি সরকার কিছু আইন সংস্কার করছে: এমপি কালাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
এমপি কালাম ছবির ক্যাপশন: এমপি কালাম
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ ও গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেছেন  নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। 

বৃহস্পতিবার (১১ জুন) প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও আইন প্রতিমন্ত্রীর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে। আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশ অত্যন্ত গর্বিত অবস্থায় এগিয়ে যেতে পারবে আন্তর্জাতিক পথে।”

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ ও গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন এ সংসদ সদস্য।

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সময় প্রয়োজন। এক্ষেত্রে, আইনজীবীদের সহযোগিতা বেশি জরুরি।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বিভিন্ন জায়গায় থাকলেও দয়া করে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন। এর মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছেন। দলের পক্ষ থেকে, নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই।”

কালাম আরও বলেন, “আজ আমি জনপ্রতিনিধি হিসেবে যে সম্মান পেয়েছি, তার পুরো কৃতিত্ব আপনাদের। আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি।”

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ওমর ফারুক নয়ন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স