ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
বার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন: বার্ষিক সম্মেলন
অবসর মানে অবসাদগ্রস্ত নয়, অবসর মানে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানো”—এই প্রতিপাদ্যকে ধারণ করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (বিআরজিইডব্লিউএ) নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারি চাকরি থেকে অবসর নেওয়া মানে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। জীবনের দীর্ঘ সময় রাষ্ট্রের সেবায় নিয়োজিত থেকে আপনারা যে বিপুল অভিজ্ঞতা অর্জন করেছেন, তা দেশের যেকোনো সংকট মোকাবিলা ও সমাজ বিনির্মাণে এক অমূল্য সম্পদ। অবসরপ্রাপ্ত কর্মচারীরা আজও সমাজে পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারেন। আপনাদের কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার সর্বদা আন্তরিক।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ ইসমাইল হোসেন। তিনি সমিতির কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, “অবসরোত্তর জীবনে প্রবীণ কর্মকর্তাদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সুবিধা, কল্যাণ তহবিল ও নাগরিক অধিকার সুরক্ষায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা মোঃ রায়হান কবির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে আপনারা সারা জীবন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আজকের এই পর্যায়ে এসেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের যেকোনো যৌক্তিক দাবি ও সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি এবং থাকব।”
সম্মেলনে জেলা শাখার কার্যালয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের প্রবীণ ও গুণী সদস্যদের বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স