জনি গোপ : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ডিআইটিতে অবস্থিত চুনকা পাঠাগারের পাশের একটি ভবনের ছাদে নির্মিত ফুটবল মাঠে দেওভোগ সমাজ উন্নয়ন সংসদ ব্যায়ামাগারের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় আয়োজিত এ ম্যাচকে ঘিরে ব্যায়ামাগারের সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র বিভা হাসান। তিনি বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া আয়োজনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ আপডেট–এর সম্পাদক, দৈনিক অগ্রবাণী প্রতিদিন–এর বার্তা সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ, ল' টেক্সট ফার্ম–এর আইন উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট জনি গোপ।
এ ছাড়া দেওভোগ সমাজ উন্নয়ন সংসদ ব্যায়ামাগারের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক মো. সোহেল, ব্যায়ামাগারের সিনিয়র ও জুনিয়র সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ আপডেট