ঢাকা | বঙ্গাব্দ

.গঞ্জে অর্পণা দাসের দ্রুত আরোগ্য কামনায় মহানগর পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা সভা ছবির ক্যাপশন: পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা সভা
শহর সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী অর্পণা দাসের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেটস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী শীতলা মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্ট।
প্রার্থনা সভায় বক্তা ও উপস্থিত নেতৃবৃন্দ অর্পণা দাসের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শ্রীমতী অর্পণা দাস কেবল আমাদের সংগঠনের একজন শীর্ষস্থানীয় নেতাই নন, তিনি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা এবং প্রান্তিক জনগণের সার্বিক উন্নয়নে এক আপসহীন ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুখে-দুঃখে সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর রাজনৈতিক দর্শনের মূল স্তম্ভ। আজ তাঁর অসুস্থতায় আমরা অত্যন্ত ব্যথিত ও উদ্বিগ্ন।

গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাঁর উপস্থিতি আমাদের সর্বদা অনুপ্রাণিত করে।”

বক্তারা আরও বলেন, “আমরা বিশ্বাস করি, শ্রীমতী অর্পণা দাস একজন বীর যোদ্ধা। তিনি ঈশ্বরের অশেষ কৃপায় এবং সর্বস্তরের মানুষের ভালোবাসায় দ্রুত এই অসুস্থতা কাটিয়ে আবারও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা পরম করুণাময়ের কাছে তাঁর সম্পূর্ণ আরোগ্য, নিরোগ দীর্ঘায়ু এবং আবারো তিনি পূর্ণ উদ্যমে যাতে জনগণের সেবা করতে পারেন, সেই প্রার্থণা করছি।”

বক্তব্য পর্ব শেষে শ্রী শ্রী শীতলা মন্দিরে অর্পণা দাসের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা, পরমায়ু লাভ এবং মানসিক ও শারীরিক বল কামনায় ভগবানের শ্রীচরণে বিশেষ প্রার্থনা ও আরতি পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর সঞ্চালনায় উক্ত প্রার্থনা সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেন পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায়, এবং বাংলাদেশ সনাতনী সংঘের সদস্য সচিব অজিত দাস। এছাড়াও স্মৃতি পাল, মানিক দাস, হারাধন দে, অ্যাডভোকেট উত্তম দাস, রবী দে ও ধীরেন দাস সহ পূজা উদযাপন ফ্রন্ট ও সনাতনী সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স