বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী অর্পণা দাসের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেটস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী শীতলা মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট।
প্রার্থনা সভায় বক্তারা বলেন, শ্রীমতী অর্পণা দাস সনাতনী সমাজের অধিকার আদায় ও রাজনৈতিক অঙ্গনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁর দ্রুত সুস্থতা আমাদের সকলের কাম্য, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সাধারণ মানুষ ও দলের সেবায় আত্মনিয়োগ করতে পারেন-এই প্রার্থণা করি।
বক্তব্য শেষে শ্রী শ্রী শীতলা মন্দিরে অর্পণা দাসের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা, পরমায়ু লাভ এবং মানসিক ও শারীরিক বল কামনায় ভগবানের শ্রীচরণে বিশেষ প্রার্থনা ও আরতি পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব কার্ত্তিক ঘোষের সঞ্চালনায় উক্ত প্রার্থনা সভায় পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, বাংলাদেশ সনাতনী সংঘের সদস্য সচিব অজিত দাস ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা সুশীল দাসসহ সনাতনী সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আপডেট