ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে যুব আন্দোলন নেতাকে হত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ছবির ক্যাপশন: সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ (৩৫)-কে কুপিয়ে হত্যার অভিযোগে কিশোর অপরাধী চক্র 'সিফাত বাহিনী'র প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সাংবাদিকদের এক খুদেবার্তায় এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে সিফাত বাহিনীর অন্যতম সদস্য 'হোয়াইট জুম্মন'সহ তিনজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক বাকিদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নিহত বুলবুল আহমেদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ।

মুফতি মাছুম বিল্লাহ অভিযোগ করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় বুলবুল বাদী হয়ে স্থানীয় 'কিশোর গ্যাং লিডার' শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা করার জেরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে বুলবুলকে নির্মমভাবে হত্যা করে।

এদিকে যুব আন্দোলন নেতা বুলবুল হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ইসলামী যুব আন্দোলনের নেতা-কর্মীরা।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স