নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ টানা দুই দিন শতাধিক শ্রমিক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষার কথা বিবেচনা করে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার সকালে ইপিজেডের 'ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড' নামে ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা ও ইপিজেড সূত্র জানায়, এর আগের দিন অর্থাৎ শনিবার দুপুরে কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করার সময় হঠাৎ এক নারী শ্রমিক অস্বাভাবিক আচরণ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। দেখতে দেখতে এই অসুস্থতা অন্যান্য শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং প্রায় শতাধিক শ্রমিক জ্ঞান হারিয়ে ও অসুস্থ হয়ে ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ইপিজেডের ভেতরের বেপজা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক বিশৃঙ্খলার পর সেদিন নির্দিষ্ট সময়ের আগেই কারখানা ছুটি দেয়া হয়। পরবর্তীতে রোববার সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক পুনরায় কাজে যোগ দিলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে আরও অন্তত ৫০ জন শ্রমিক একইভাবে অসুস্থ হয়ে পড়লে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের দাবি, কারখানার অভ্যন্তরে রহস্যজনক কিছু ঘটছে বা কোনো বিষাক্ত উপাদানের প্রভাব রয়েছে, যার ফলে এমন ঘটনা ঘটছে। তবে কী কারণে শ্রমিকরা এভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর আবারও একই পরিস্থিতি তৈরি হওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন তারা। তাৎক্ষণিকভাবে এই অসুস্থতার সুনির্দিষ্ট কোনো কারণ শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তারা সরেজমিনে কারখানাটি পরিদর্শন করেছেন। সেখানে আপাতত বায়ুসঞ্চালন ব্যবস্থা বা অন্য কোনো প্রত্যক্ষ সমস্যা দৃশ্যমান হয়নি। তবে শ্রমিকদের সুরক্ষার স্বার্থেই কারখানাটিতে আপাতত ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাটি নিয়ে অনুসন্ধান চলছে এবং অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ আপডেট