নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক যুবকের গুলিবিদ্ধ ও ছুরিকাহত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে (৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে) পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম শুভ দাস (৩০)। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন শুভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের পেছনের গলিতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় পরিচয় জানা না গেলেও পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় নিশ্চিত করে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের বুকে গুলি ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, উদ্ধারের সময় নিহত শুভর কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ আপডেট