বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির বন্দর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি বন্দর উপজেলা পরিষদ ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা নিতে আসা সাধারণ মানুষের অপেক্ষার জন্য নির্মিত বিশেষ স্থান “অন্তরে বন্দর”-এর শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ করা হয়।
পরে জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এছাড়া তিনি নবনির্মিত কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস-এর নতুন ভবন উদ্বোধন এবং মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। উভয় ভূমি অফিস চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আপডেট