ঢাকা | বঙ্গাব্দ

হামলা ও ভাঙচুরের বিষয়ে যা বললেন এমপি কালামের রাজনৈতিক সচিব আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ আপডেট : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, হামলা ও দখল নিয়ে  নার্গিস মাকসুদের অভিযোগের প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ অ্যডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা বলেছেন, “তারেক রহমানকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। 

আমার সন্তান আমার সঙ্গে ছিল, সঙ্গে ওসি সাহেবও ছিলেন। পেছন থেকে হঠাৎ শুনতে পাই-এলাকায় ডাকাত পড়েছে। পরে দেখি আমাদের ওপর হামলা হয়েছে।”

তিনি বলেন, ওই হামলার সময় সাংবাদিক প্রান্তের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।

আবুল কাউছার আশা প্রশ্ন তুলে বলেন, “সাংবাদিক তো কোনো দলের নয়। তাহলে সাংবাদিকের ওপর হামলা এবং সাংবাদিকের গাড়ির ওপর হামলা হয়েছে কেন?”

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “একটা দল রয়েছে, কিছু হলেই আমার নাম ব্যবহার করে আমার নামে বদনাম ছড়ায়।”

এদিকে লাঙ্গলবন্দ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছেন নার্গিস মাকসুদ। এ বিষয়ে তিনি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনকে ফোন করে অভিযোগের বিষয়টি জানান।

ওসি মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে দেয়। তবে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি অবগত নন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স