নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে আজ ১১ই মার্চ শুক্রবার সকাল ১১টায় মোতালেব মনোয়ারা গার্মেন্টস-এর কয়েকশ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। আসন্ন ঈদুল ফিতরের আগে গত তিন মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারী শ্রমিকদের সাথে কথা বলে এবং তাদের স্মারকলিপি থেকে জানা যায়,গত জানুয়ারি ২০২৬ থেকে বর্তমান মাস পর্যন্ত শ্রমিকরা কোনো বেতন বা ভাতা পাননি।
শ্রমিকরা তাদের পাওনা আদায়ের লক্ষে বিকেএমইএ (BKMEA) সভাপতি বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। বেতন না পাওয়ায় শ্রমিকরা তিন মাসের বাসার ভাড়া পরিশোধ করতে পারছেন না। এমনকি দৈনন্দিন খাবারের খরচ জোগানোও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
সামনে পবিত্র ঈদুল ফিতর, কিন্তু বেতন না পাওয়ায় গ্রামের বাড়ি যাওয়া বা পরিবারের জন্য কেনাকাটা করার সামর্থ্য হারিয়ে তারা এখন দিশেহারা।
সমাবেশে ব্যানার হাতে শ্রমিকরা স্লোগান দেন— "পাওনা নিয়ে টালবাহানা চলবে না"। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শ্রমিক নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, মালিকপক্ষ বেতন না দিয়ে কালক্ষেপণ করছে। বিকেএমইএ কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ করে শ্রম আইন অনুযায়ী ঈদের আগেই সমস্ত পাওনা পরিশোধ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
বিক্ষুব্ধ এক নারী শ্রমিক বলেন, "আমরা রোজা রেখে অনাহারে দিন কাটাচ্ছি। তিন মাসের ভাড়া বাকি, দোকানদার আর বাকি দিচ্ছে না। ঈদের আগে বেতন না পেলে আমরা পরিবার নিয়ে কোথায় যাব?"
বিকেএমইএ কার্যালয়ে জমা দেওয়া আবেদনে শ্রমিকদের নাম ও মোবাইল নম্বরসহ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন।