নারায়ণগঞ্জ আপডেট :
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন বাবু পাড়ার মোড় এলাকায় একটি পুরাতন ভবন সংস্কার করার সময় মাটি খুঁড়ে বিশাল আকৃতির একটি মটকা পাওয়া গেছে। গত চার দিন আগে এই ঘটনা ঘটলেও আজ শনিবার (২৮ মার্চ) জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু পাড়ার মোড় এলাকায় একটি পুরাতন ভবন সংস্কারের কাজ করছিলেন বাড়ির মালিক। গত চার দিন আগে শ্রমিকরা মাটি খুঁড়ে কাজ করার সময় মাটির নিচে চাপা পড়ে থাকা বিশাল এই মটকাটির সন্ধান পায়। বিশাল আকারের এই পাত্রটি পাওয়ার পর থেকেই এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন, এটি কোনো প্রাচীন আমলের সম্পদ বা ‘গুপ্তধন’ হতে পারে।
আজ সংবাদমাধ্যম কর্মীরা ওই বাড়িতে গিয়ে মটকাটি সম্পর্কে জানতে চাইলে বাড়ির মালিক ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, মটকাটি সম্পূর্ণ খালি ছিল।
গণমাধ্যমকে তিনি বলেন,"ভবন সংস্কারের সময় শ্রমিকরা এটি খুঁজে পায়। কিন্তু মটকার ভেতরে কোনো মূল্যবান কিছু বা ধনসম্পদ পাওয়া যায়নি। এটি একটি খালি মাটির পাত্র ছিল।"
মটকাটি পাওয়ার খবর শুরুতে গোপন থাকলেও আজ এলাকায় জানাজানি হওয়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তবে মটকাটি উদ্ধারের সময় বাড়ির মালিক বিষয়টি কেন প্রশাসনকে জানাননি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন বা প্রত্নতাত্ত্বিক বিভাগ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত এ ধরনের প্রাচীন নিদর্শন পাওয়া গেলে তা সরকারি সম্পদ হিসেবে গণ্য হয় এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য সংরক্ষণের নিয়ম রয়েছে।