ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শতবর্ষী মাটির পাত্রের সন্ধান, এলাকায় চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
শতবর্ষী মাটির পাত্র ছবির ক্যাপশন: শতবর্ষী মাটির পাত্র
নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জের বন্দরের বাবুপাড়া এলাকায় প্রায় শতবর্ষী একটি মাটির পাত্রের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ মার্চ) হাড়িটি সামাজিক মাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

জানা যায়, স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম প্রায় ২৪ বছর আগে জমিসহ একটি ভবন ক্রয় করেন এবং সেখানে বসবাস শুরু করেন। ২০২৫ সালের শেষদিকে পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন তারা। ভবন ভাঙার পর সিঁড়ির নিচে কয়েকদিন ধরে হাড়ি আকৃতির একটি বস্তু চোখে পড়ে।

শনিবার সেটি সম্পূর্ণ দৃশ্যমান হলে স্থানীয়রা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানানো হলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবহিত করেন।

পরে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তিনি জানান, “আমরা ইউএনও’র মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। ধারণা করা হচ্ছে, মাটির পাত্রটি প্রায় একশো বছরের পুরনো। এর মুখ সম্ভবত সিল করা ছিল। তবে ভেতরে কোনো কিছু পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় আপাতত ওই স্থানের নির্মাণকাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এদিকে স্থানীয়দের ধারণা, প্রায় একশো বছর আগে ওই এলাকায় একটি জুট মিল (পাটকল) ছিল। সে সময় পানি ঠান্ডা রাখা বা চাল-গম সংরক্ষণের জন্য এ ধরনের মাটির হাড়ি ব্যবহার করা হতো।

ঘটনাটি ঘিরে কৌতূহল বাড়ছে স্থানীয়দের মধ্যে, অনেকে এটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিবেচনা করছেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স