নারায়ণগঞ্জ আপডেট :
নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও এলজিইডি ভবনের সামনে নবনির্মিত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজটি এখন সাধারণ মানুষের পারাপারের চেয়ে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। পথচারীদের যাতায়াত কম থাকার সুযোগে দিনরাত এখানে বসছে মাদকের আসর, যা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই ব্রিজটি দিনের বেশিরভাগ সময় জনশূন্য থাকে। স্থানীয়দের অভিযোগ, জনসমাগম কম হওয়ার সুযোগে মাদক বিক্রেতারা ব্রিজটিকে তাদের বিক্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ব্রিজের ওপর মাদকসেবীদের আনাগোনা কয়েকগুণ বেড়ে যায়। ফলে সাধারণ পথচারীরা নিরাপত্তা হীনতায় ভুগে ব্রিজটি ব্যবহার করা থেকে বিরত থাকছেন।
"এই ব্রিজ দিয়ে মানুষ খুব একটা ওঠে না। ফাঁকা পেয়ে এখানে টোকাই আর মাদকসেবীরা আড্ডা জমায়। সন্ধ্যার পর সাধারণ মানুষের জন্য এখান দিয়ে যাওয়া রীতিমতো ভয়ের ব্যাপার।"
স্থান নির্বাচনের ভুল নিয়ে জনমনে অসন্তোষ
ব্রিজটির অবস্থান নিয়েও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে।
স্থানীয়দের মতে, জেলা পরিষদের সামনের তুলনায় ডিসি অফিস এবং আদালতের (কোর্ট) সামনে এই ব্রিজটির প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ আইনি ও দাপ্তরিক কাজে আদালত চত্বরে আসেন। কোর্টের সামনের রাস্তা অত্যন্ত ব্যস্ত হওয়ায় পারাপারের সময় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
সাধারণ মানুষের মতে, কোর্টের সামনে ফুটওভার ব্রিজটি স্থাপন করা হলে তা সত্যিকার অর্থে জনস্বার্থে আসত এবং এর ব্যবহারও নিশ্চিত হতো।
এলাকাবাসীর দাবি, বর্তমান স্থানে ব্রিজটির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুলিশি টহলের ব্যবস্থা করা হোক। একই সাথে, ভবিষ্যতে কোর্ট ও ডিসি অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।