ঢাকা | বঙ্গাব্দ

খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, ৪ দালাল আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
যৌথ অভিযান ছবির ক্যাপশন: যৌথ অভিযান
নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৩ জনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ও র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান। এসময় র‍্যাব, জেলা প্রশাসন ও পুলিশের একটি টিম অংশ নেয়। 

আটকরা হলেন, মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল এবং আ. মান্নান। এর মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 
আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, আ. মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযোগ রয়েছে, আটকরা রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল আগে-পিছে করে দিতো। এছাড়া অনেক ক্ষেত্রে রোগীদের বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিতো, যার মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হতো। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সাধারণ রোগীরা যাতে হয়রানি ছাড়া এবং স্বচ্ছভাবে চিকিৎসা সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে হাসপাতালটির আবাসিক সার্জন আব্দুল কাইউম জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে কোন নিরাপত্তা ব্যবস্থা নাই। এখানে রাত হলে মাদকাসক্তরা ঘোরাঘুরি করে। পরে দিনে তারাই এখানে দালালি করে। হাসপাতালটিতে নিয়মিত র‍্যাব পুলিশের টহল জোরদার করার দাবি জানাই। পাশাপাশি মেডিকেল পুলিশ ব্যবস্থা চালু করার কথা বলেন এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স