ঢাকা | বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, পরিবারের দাবি ডাকাতি

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
সোনারগাঁয়ে ব্যবসায়ীকে হত্যা, ছবির ক্যাপশন: সোনারগাঁয়ে ব্যবসায়ীকে হত্যা,
সোনারগাঁয়ে ডাকাতি শেষে ডাকাতরা নজরুল ইসলাম (৫২) নামের এক সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।  এ সময় নিহতের স্ত্রী শাহানূর বেগমকেও শ্বাসরোধ ও পিটিয়ে আহত করে ডাকাতরা।  

আহত শাহানূর বেগম বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এরআগে ডাকাতরা ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।  বুধবার (১৩ মে) রাতে মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

তবে বিষয়টি ডাকাতির ঘটনা নয়, এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে এ ঘটনায় আহতের ভাষ্যমতে উজ্জ্বল নামের একজনকে
জিজ্ঞাসাবাদের জন্য  আটক করেছে পুলিশ। উজ্জ্বল একই এলাকার আবুল হাসেমের ছেলে। 
নিহতের স্ত্রী আহত শাহানূর বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে অন্তত সাতজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে। এক পর্যায়ে তাদের দুজনকে দুটি কক্ষে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তাদের ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে।

ডাকাতরা চলে যাওয়ার পর শাহানূর বেগমের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হন। পরে মসজিদের মাইকে ডাকাতির ঘটনা প্রচার করলে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দাবি করেন, ডাকাতরা সাড়ে ১২টায় ঢুকে রাত আড়াইটার দিকে ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। 
স্থানীয়রা জানান, নিহত নজরুল ইসলাম তার স্ত্রী ও ছেলের স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ছেলের স্ত্রী তাদের সঙ্গেই থাকেন। 
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, বিষয়টি ডাকাতির ঘটনা নয়, এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে। আহত নারীর ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক সাঈদ বলেন, ঘটনার আদ্যোপান্ত নিয়ে তদন্ত করছে পুলিশ। বিষয়টি ডাকাতি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স