বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই এলাকার লিটন দেওয়ানের টিনশেড বাড়িতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিয়ান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতর থাকা যাবতীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, মাঝখানের একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুনে লিটন দেওয়ান, বাদল দেওয়ান ও চম্পা বেগমের তিনটি বসতঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রাণপণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
নারায়ণগঞ্জ আপডেট