ঢাকা | বঙ্গাব্দ

নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা ও বন্ধুর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
আহত জিসান ছবির ক্যাপশন: আহত জিসান
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ কদম রসুল দরবারের মেলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা মো. মেহেদী হাসান খান জিসান ও তার বন্ধু মো. ইশান আহম্মেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জিসানের বাবা মান্নান খান বাদল (৫৫) এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাজ্জাদ (২৩), আকাশ (২২), সজিব (২৩), নাইম (৩২)সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে মেহেদী হাসান খান জিসান তার বন্ধু ইশান আহম্মেদকে সঙ্গে নিয়ে নবীগঞ্জ কদম রসুল দরবারের মেলা দেখতে যান। সেখানে অভিযুক্তদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এ সময় কয়েকজন লোহার রড ও কাঠের ডাসা দিয়ে জিসানকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে ইশান আহম্মেদের ওপরও হামলা করা হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ১ নম্বর অভিযুক্ত সাজ্জাদ হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে ইশান আহম্মেদের বাম কানের নিচে আঘাত করেন। এতে তিনি গুরুতর কাটা-রক্তাক্ত জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে মেহেদী হাসান খান জিসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জিসানের বাবা অভিযোগে আরও দাবি করেন, হামলাকারীরা ভবিষ্যতে তার ছেলেকে খুন ও লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

মেহেদী হাসান খান জিসান নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং কদম রসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত জিসানের পরিবার।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স