নারায়ণগঞ্জ আপডেট : পেশাগত সততা, নিষ্ঠা, দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো পুলিশের বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।
আজ ৩০ আগস্ট (রবিবার) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএসবি ফতুল্লা জোনে দায়িত্ব পালনকালে হুমায়ুন কবির তাঁর পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নজর কাড়েন। ভালো কাজের জন্য এর আগেও তিনি জেলা পুলিশের তরফ থেকে পুরস্কৃত হয়েছিলেন। এবারে দ্বিতীয়বারের মতো তাঁকে এই স্বীকৃতি দেওয়া হলো।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পুরস্কার প্রাপ্তিতে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হুমায়ুন কবির বলেন, “সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পর এমন স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন ভবিষ্যতে কাজের প্রতি আমার উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।”
তিনি এই সাফল্যের পেছনে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। আগামীতেও যেন আরও আন্তরিকতার সাথে জনগণের সেবায় এবং অর্পিত দায়িত্ব পালনে আত্মনিয়োগ করতে পারেন, সে জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
নারায়ণগঞ্জ আপডেট