নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (২৯ আগস্ট) রাত ৩টায় ফতুল্লার নন্দলালপুরের উত্তর মহল্লা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মাইকেল (৪৫) এবং তার পুত্র মো. আপন (২২)।
রোববার (৩০ আগস্ট) দুপুরে র্যাব-১১ এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৫ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সজীব নামের ওই পরিবহন শ্রমিক স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানের সময় পূর্বশত্রুতার জেরে হামলা চালায় গ্রেফতারকৃতরা। এসময় তাদের সঙ্গে আরও ১০-১২ জনের একটি দল ছিল। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় ও স্বজনরা সজীবকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
নারায়ণগঞ্জ আপডেট