নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ চারজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়ার ঝর্ণা মহলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের পরিচালনায় থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই তল্লাশি অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাথে রেখে অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকার নবী হোসেনের দুই ছেলে নাজমুল হোসেন (৩০) ও মোঃ নিহাল (২১), আব্দুর রহিমের ছেলে মোঃ সাজ্জাদ (২০) এবং শহিদুল ইসলামের ছেলে সফিকুল (২৪)।
রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ আপডেট