ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ছবির ক্যাপশন: কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক:
মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।

প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, অধ্যবসায়ের স্বীকৃতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট ১২১ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এবারের বৃত্তি অর্জনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও মনোযোগী ও উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়গুলোতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স