রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবাব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এখন থেকে একবার মিউটেশন সম্পন্ন হলে ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের জন্য রাজউক থেকে আর 'মেইন ক্লিয়ারেন্স' নেওয়ার প্রয়োজন হবে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজউকের সেবায় বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজউকের সেবাগুলোকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে এবং যেকোনো নকশা বা প্ল্যান সর্বোচ্চ ২৪ দিনের মধ্যে পাস করার চেষ্টা চলছে। আগামী দিনে আগের চেয়ে অনেক বেশি পরিবর্তনশীল ও জনবান্ধব রাজউক গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
**নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) যাত্রা শুরু**
নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগর গড়ে তুলতে এনডিএ গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, রাজউকের আওতাধীন এলাকা বিশাল হলেও সে তুলনায় জনবল কম ছিল। স্থানীয় পর্যায়ে মানুষের ভোগান্তি কমাতে এবং সেবা সহজিকরণে নতুন করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) করা হয়েছে।
বর্তমান সরকারের সময়েই এনডিএর আইন পাস হয়েছে এবং আজকের কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। মন্ত্রী বলেন, রাজউকের মূল মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য এনডিএ আলাদা বিশেষ পরিকল্পনা প্রণয়ন করবে, যার ওপর ভিত্তি করে নগরের সার্বিক উন্নয়ন কাজ পরিচালিত হবে।
**সীমানা সম্প্রসারণের পরিকল্পনা**
এনডিএর বর্তমান নির্ধারিত সীমানা আরও সম্প্রসারণ করা যায় কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, ফতুল্লা ও সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোকে এনডিএর অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আপডেট