ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে রেলওয়ের শতকোটি টাকার জমি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
বন্দরে রেলওয়ের জমি উদ্ধার ছবির ক্যাপশন: বন্দরে রেলওয়ের জমি উদ্ধার
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ রেলওয়ের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করতে দিনব্যাপী ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: এরশাদ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাদরুল আলম। এছাড়া অভিযান ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ ও বন্দর থানা পুলিশের বিশাল টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক দায়িত্ব পালন করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এস্কেভেটর (বেকু) দিয়ে অভিযানে প্রায় তিন থেকে চারশত দোকানপাট, বসতবাড়ি এবং নবীগঞ্জের আলোচিত 'এসান চেয়ারম্যান মার্কেট' সহ বেশ কয়েকটি বহুতল মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করছেন দুর্ঘটনাকবলিত ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী ও অধিবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, অনেকেই বহু বছর ধরে রেলওয়ের সম্পত্তি লিজ নিয়ে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, "নোটিশ দেওয়া রেলওয়ের একটি নিয়মিত প্রক্রিয়া হলেও, এভাবে হঠাৎ এসে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে তা ভাবিনি। আমাদের সবকিছু শেষ হয়ে গেল। 

আমরা গরিব বলেই আমাদের ঘরবাড়ি ও দোকান উচ্ছেদ করা হলো, অথচ পাশের প্রভাবশালী কয়েকজনের বাড়ি লাল দাগ দেওয়া সত্ত্বেও সেগুলো ছোঁয়াও হয়নি।" মাথার ওপর ছাদ ও আয়ের সম্বল হারিয়ে বর্তমানে পরিবারগুলো চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

এদিকে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: এরশাদ উদ্দিন সাংবাদিকদের জানান, "বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পত্তি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 

দখলদার ৩০ বা ৪০ বছর ধরে থাকুক না কেন, রেলওয়ের জমিতে কোনো অবৈধ দখলদারকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সরকারি জমি সম্পূর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।"

তিনি আরও জানান, বেশ কয়েকজন দোকানদারকে নিজ দায়িত্বে মালামাল নিয়ে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে সরিয়ে না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা ও জেল-জরিমানা করা হবে।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বর্তমানে সমগ্র নবীগঞ্জ এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গৃহহীন ও সর্বস্বান্ত ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স