নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, আমরা সকলে সকলকে চিনি। আমরা প্রত্যেকে জানি কে কী করে। আপনারা আমাকে ভালবাসলে ধানের শীষকে ভালবাসুন। আপনারা বেগম খালেদা জিয়ার ত্যাগকে সম্মান জানাতে হলে এ নির্বাচনটি উৎসর্গ করতে হবে। তারেক রহমান সকলকে হারিয়েছেন। আমরাই তার আত্মীয় স্বজন। ধানের শীষ অক্ষুন্ন থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ প্রচারণায় শহরে খানপুর হাসপাতাল থেকে শীতলক্ষ্যা বাপ্পী সড়ক পর্যন্ত নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা সকলে জানি আগামী ১২ তারিখে নির্বাচন। আমরা সকলে ধানের শীষকে বিজয়ী করবো। ধানের শীষ আপনাদের হৃদয়ের মার্কা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত ১৭ বছর নেতৃত্ব দিয়ে আমাদের আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছেন। এই দীর্ঘ যাত্রায় অনেক আত্মত্যাগ স্বীকার করেছি। আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে যেন এলটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে।
আবুল কালাম বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষকে মাঠ পর্যায়ে নিয়ে আসতে আমাদের নির্দেশনা দিয়েছেন। এই নির্বাচন আমাদের দেশের মানুষের জান মাল রক্ষার নির্বাচন। সবকিছু এই নির্বাচনের ওপর নির্ভর করছে। আপনারা ভোটকেন্দ্রে আমাদের মা বোনদের নিয়ে যাবেন। আপনারা সকলে এ দায়িত্ব নিচ্ছেন তো? প্রার্থী একা কিছু করতে পারবে না। ধানের শীষকে আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম আহবায়ক ফতেহ আলী রেজা রিপন, আবুল কাউসার আশা, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল, আহবায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, মাসুদ রানা, আনোয়ার প্রধান, মহিলাদলের মহানগরের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ সহ মহানগর, নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।