বন্দর প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা স্ট্যান্ডে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১টায় আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিনহাজ ভূঁইয়ার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা স্ট্যান্ডটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রতিদিন পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের হাজার হাজার কর্মব্যস্ত মানুষ, শিক্ষার্থী ও নারী-পুরুষ এই স্ট্যান্ড ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু ব্যস্ততম এই মহাসড়কে ফুট ওভারব্রিজ না থাকায় পথচারীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। এতে করে ওই স্থানে প্রায়ই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে, যার শিকার হয়ে অনেকেই প্রাণ হারাচ্ছেন কিংবা পঙ্গুত্ব বরণ করছেন। জননিরাপত্তার স্বার্থে এখানে একটি পদচারী সেতু (ফুট ওভারব্রিজ) নির্মাণ এখন গণদাবিতে পরিণত হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন), জামায়াতে ইসলামীর মদনপুর অঞ্চলের দায়িত্বশীল হারুনুর রশিদ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রামিম ভূঁইয়া, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক সংগঠক সোহাগ আহমেদ, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, মদনপুর ছাত্রজনতার অর্থ সম্পাদক মাসুদ রানা, মো: মুরাদ, ধামগড় ইউনিয়ন ছাত্রদল নেতা বাবুল এবং এলাকাবাসীর পক্ষে শামিম হোসেন, আরাফাত, মহসিন ও ফরহাদ প্রমুখ।
নারায়ণগঞ্জ আপডেট