নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম।
সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপুসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আলোচনা করা হয়। এ সময় হাসপাতালে রোগ নির্ণয়ের সুবিধা বাড়াতে একটি ইকো মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন এমপি এ্যাডভোকেট আবুল কালাম।
এছাড়াও সভায় ডেঙ্গু ও হামসহ বিভিন্ন সংক্রামক রোগের বর্তমান পরিস্থিতি, রোগ প্রতিরোধে করণীয়, সচেতনতা বৃদ্ধি এবং এসব রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জ আপডেট